images

সারাদেশ

যশোরে আফিল ব্রিকসে অগ্নিকাণ্ড, দুইজন আহত

জেলা প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় অবস্থিত আফিল ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন শ্রমিক ও একজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আফিল গ্রুপের ম্যানেজার আশরাফুল হক জানান, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের ঠিক আগ মুহূর্তে ব্রিকসের দুই নম্বর শেডে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো শেডে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় একে একে যশোর সদর, বাঘারপাড়া, নওয়াপাড়া ও মণিরামপুর স্টেশন থেকে মোট সাতটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়।
 
ফায়ার সার্ভিস কর্মী, কারখানার শ্রমিক ও স্থানীয় জনতা মিলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে কারখানার শেডে থাকা বিপুল মালামাল পুড়ে গেছে। তবে, ক্ষয়ক্ষতির সঠিক আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ চলাকালে একজন শ্রমিক ও একজন ফায়ার সার্ভিস কর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু জানান, আগুনে তাদের ব্রিকসের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শুধু শেডে নয়, কন্ট্রোল রুম ও প্রডাকশন রুমও ক্ষতিগ্রস্ত হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমদ বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের সাতটি ইউনিট আফিল ব্রিকসে যায়। সেখানে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
 
ধারণা করছি, ফ্যাক্টরির ওপরের চিমনি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না। সব কাজ শেষে বলতে পারবো।’

প্রতিনিধি/এজে