জেলা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির বার্তা নিয়ে লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নে শুরু হয়েছে স্বল্পমূল্যে টাটকা ও ভেজালমুক্ত পণ্য বিক্রয় কার্যক্রম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ কার্যক্রম চালু করা হয়।
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু-এর নির্দেশনায় বড়বাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রথম দিনেই স্টলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়, যা সাধারণ মানুষের আগ্রহ ও আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন আয়োজকরা।

স্টলে নির্ধারিত মূল্যে দুধ বিক্রি হচ্ছে প্রতি লিটার ৫০ টাকা, ডিম ৩০ টাকা হালি, জ্যান্ত মুরগি ১৫০ টাকা কেজি, কাটা ব্রয়লার ২২০ টাকা কেজি এবং গরুর মাংস ৬৫০ টাকা কেজি। খোলা বাজারে এসব পণ্যের দাম তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতারা এটিকে রমজান উপলক্ষ্যে তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন।
বড়বাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাসমত আলী বলেন, বাজারে দুধ ৮০-১০০ টাকা লিটার ও ব্রয়লার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় কম দামে পণ্য পাওয়ায় স্বস্তি মিলছে। একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মোফাজ্জল আলী মনে করেন, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এমন উদ্যোগ সময়োপযোগী।
পাশের ইউনিয়ন মহেন্দ্রনগরের আব্দুল হালিম বলেন, প্রতিটি ইউনিয়নে এ ধরনের উদ্যোগ থাকলে হতদরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হতো। পঞ্চগ্রাম ইউনিয়নের আব্দুল জলিলের মতে, এমন কার্যক্রম বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্টল ব্যবস্থাপক ও বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সহ-দফতর সম্পাদক মো. আতাউর রহমান জানান, টাটকা ও ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিশেষ তদারকি রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ রমজানে ইফতার ও সেহরির প্রস্তুতি স্বাচ্ছন্দ্যে নিতে পারেন। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা জাফরান বলেন, পুরো রমজানজুড়ে মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশনায়
এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, রমজানের সংযম ও সহমর্মিতার চেতনাকে সামনে রেখে এ উদ্যোগ শুধু বিক্রয় কার্যক্রম নয়— সামাজিক দায়বদ্ধতার একটি বাস্তব দৃষ্টান্ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোই এর মূল লক্ষ্য।
প্রতিনিধি/ এজে