images

সারাদেশ

প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাচ্ছে পাংশা, উদ্বোধন ১০ মার্চ

জেলা প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

পাইলট প্রকল্পের আওতায় আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে নির্বাচিত ১৩টি উপজেলার মধ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের সংসদ সদস্য মো. হারুন-অর রশিদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদ সদস্য হারুন বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহার এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচিতে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি ছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই পাইলট কর্মসূচি শুরু হচ্ছে। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে পাংশাকে এই কর্মসূচির জন্য নির্বাচন করাকে তিনি এলাকার জন্য ‘বড় প্রাপ্তি’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। পাশাপাশি উপকারভোগীদের অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে একজন ব্যক্তি সুশৃঙ্খলভাবে একাধিক সহায়তা পেতে পারেন।

জানা গেছে, উদ্বোধনের দিনই সুবিধাভোগীরা প্রথম মাসের জন্য সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন। প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি ওয়ার্ডে ৬ হাজার ৫০০ পরিবারকে কিউআর কোড সংবলিত ডিজিটাল স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নির্বাচিত স্থানগুলোর মধ্যে রয়েছে— ঢাকার কড়াইল বস্তি এলাকা; রাজবাড়ীর পাংশা উপজেলার ৪ বা ৫ নম্বর ওয়ার্ড; চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪ নম্বর ওয়ার্ড; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১ বা ২ নম্বর ওয়ার্ড; বান্দরবানের লামা উপজেলার ২ বা ৩ নম্বর ওয়ার্ড; খুলনার খালিশপুর উপজেলার ১০ নম্বর ওয়ার্ড; ভোলার চরফ্যাশন উপজেলার ১ বা ৪ নম্বর ওয়ার্ড; সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫ বা ৬ নম্বর ওয়ার্ড; কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ২ বা ৮ নম্বর ওয়ার্ড; নাটোরের লালপুর উপজেলার ১ নম্বর ওয়ার্ড; ঠাকুরগাঁও সদর উপজেলার ১ বা ২ নম্বর ওয়ার্ড এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১ নম্বর ওয়ার্ড।

প্রতিনিধি/এএস