images

সারাদেশ

ইন্দুরকানীতে গভীর রাতে বসতঘরে আগুন, হামলা-লুটপাট

জেলা প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের এক বাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রনজিত দাস নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামে এক বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা রনজিত দাসের বসতঘরে আগুন দেয়। এ সময় তারা ঘরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে রনজিত দাসকে এলোপাতাড়িভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, হঠাৎ ‘আগুন আগুন’ বলে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আহত রনজিত দাসকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি