images

সারাদেশ

প্রতিমন্ত্রী হবার পর প্রথম সফরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন আলী নেওয়াজ

জেলা প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতিমন্ত্রী নিযুক্ত হবার পর প্রথম ৩ দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আগামী ২৮শে ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিনি রাজবাড়ী-১ আসনে তার নির্বাচনী এলাকা রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগদান করবেন। 

প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রথমবারের মত রাজবাড়ীতে আগমন উপলক্ষে এলাকাবাসী এবং দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে।      

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালায়ের প্রতিমন্ত্রীর দপ্তরের উপসচিব (প্রশাসন-১) মো. সাদিকুর রহমান খান স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি আগামী ২৮শে ফেব্রুয়ারি সকাল ৯টায় ঢাকাস্থ নিজ বাসভবন থেকে পদ্মা সেতু হয়ে সড়কপথে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ১২টায় তিনি রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। পরে দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী পৌর এলাকার ২৮ কলোনি কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেবেন। একই দিন বিকেল ২টায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। পরের দিন ১লা মার্চ সকাল ১১টায় তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় যোগ দেবেন। ২রা মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে তিনি গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মাসিক সমন্বয় সভায় যোগদান করবেন। ওই দিন বিকেল ৪টায় গোয়ালন্দের বাজারের লোকমান টাওয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় তিনি দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাট হয়ে সড়কপথে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১১টায় নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালায়ের প্রতিমন্ত্রীর দপ্তরের উপসচিব (প্রশাসন-১) মো. সাদিকুর রহমান খান এবং প্রতিমন্ত্রীর দপ্তরের কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ তার সফরসঙ্গী থাকবেন।

উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গত ১৭ই ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারপূর্বে তিনি পর পর তিন মেয়াদে রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান (মেয়র) নির্বাচিত হন।

প্রতিনিধি/টিবি