images

শিক্ষা / সারাদেশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রাবির ৫ নেতা

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচজন নেতা দায়িত্ব পেয়েছেন।

 গতকাল মঙ্গলবার ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাঁদের এই দায়িত্ব প্রদান করা হয়। নতুন এই কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

কেন্দ্রীয় ৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাবি শাখার সাবেক সভাপতি আজিজুর রহমান আজাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। 

ফাউন্ডেশন সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও রাবি শাখার সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন। এছাড়া সমাজসেবা সম্পাদক হয়েছেন রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও বর্তমান রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি অ্যাগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রোনমি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

অন্যদিকে, কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান নাজির ও মুজাহিদ ফয়সাল। ইমরান নাজির বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি রাবি শাখার সাবেক অফিস সম্পাদক এবং বর্তমানে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন। 

মুজাহিদ ফয়সাল ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন।

প্রতিনিধি/একেবি