জেলা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
নাটোর আদালতে নেওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা যুবলীগের সভাপতি ও শীর্ষ সন্ত্রাসী বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর আদালত চত্বরে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তিনি এ স্লোগান দেন।
ভিডিওতে দেখা যায়, আদালত চত্বরে প্রবেশের সময় প্রিজন ভ্যান থেকে নেমে ‘জয় বাংলা’ স্লোগান দেন নাটোর জেলা যুবলীগ সভাপতি এহিয়া চৌধুরী। এসময় শেখ হাসিনা আসবে বলেও স্লোগান দিতে দেখা গেছে। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজনের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকা মিরপুর এলাকার একটি বাসা থেকে র্যাব তাকে গ্রেফতার করে। এরপর নাটোর সদর থানায় হস্তান্তর পর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। বুধবার দুপুরে সদর থানা থেকে নাটোর সদর আমলি আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়। বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনকে কেন্দ্র করে হামলা, হত্যা ও অস্ত্র আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন দমন এবং সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসায় সংঘটিত হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, এহিয়া চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে। তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে