জেলা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখা লড়াকু সংগঠক আব্দুল মালেক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাংলাবাজার এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরব যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় তিন দিনের একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। বুধবার ছিল প্রশিক্ষণের শেষ দিন। প্রশিক্ষণ শেষে কক্সবাজারে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়ি পত্রিকায় কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষা, অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সক্রিয় ছিলেন।
সহকর্মীরা জানান, মালেক ছিলেন সাহসী ও স্পষ্টভাষী একজন সংগঠক। দ্বীপবাসীর নানা সমস্যা তুলে ধরতে তিনি নিয়মিত লেখালেখি ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যেতেন। তার মৃত্যুতে দ্বীপের পরিবেশ আন্দোলনে বড় শূন্যতা সৃষ্টি হলো বলে মনে করছেন স্থানীয়রা।
রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ নাসির উদ্দীন জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
প্রতিনিধি/এজে