জেলা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
শরীয়তপুরের নড়িয়ায় প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। পেশিশক্তি প্রদর্শন ও জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরে তা যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতার অপকর্মের দায় সংগঠন নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতন। হামলায় তার ডান হাত ভেঙে যায়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদার ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
তবে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন বলেন, আমি বহিষ্কারের বিষয়ে অবগত নই। এ বিষয়ে কোনো চিঠি এখনও পাইনি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে কিনা— তা নিয়েও আলোচনা চলছে।
প্রতিনিধি/ এজে