জেলা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
নড়াইল সদর উপজেলায় সড়কের পাশে রাখা একটি শপিং ব্যাগ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে নড়াইল জেলা শহর থেকে মালিবাগ বাসস্ট্যান্ডে যাওয়ার সংযোগ সড়কের পাশে কোনো এক সময় একটি শপিংব্যাগে ভরে নবজাতকটি কেউ ফেলে রেখে যায়। পরে কুকুরে ওই ব্যাগটি টানাহেঁচড়ার পর কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন৷ পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ জে