images

সারাদেশ

নারায়ণগঞ্জে তেলভর্তি ট্রাক লুটের চেষ্টা, আটক ২

জেলা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় দুজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এসময় লুট হওয়া তেলের ড্রামভর্তি ট্রাক, ডাকাতিতে ব্যবহৃত একটি হাইয়েস গাড়ি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৬টার দিকে মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় ডাকাতি করার সময় তাদেরকে আটক করা হয়।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

আটকরা হলেন— মো. সেকান্দার (৪০) কিশোরগঞ্জ জেলার শামসুদ্দিনের ছেলে। তিনি বর্তমানে রূপসী বাগবাড়ী স্বপ্না আক্তারের বাসায় ভাড়া থাকেন। রন চন্দ্র শীল (৩০) জেলার আড়াইহাজার থানার গেনেন্দ্র চন্দ্র শীলের ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার।

পুলিশ জানায়, মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি এলাকায় এলায়েট মিলস সংলগ্ন সড়কে ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে একটি ট্রাক আটকায়। গোপন খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেনের নির্দেশে এসআই মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে পুলিশ দুজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটকের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি খেলনা ওয়াকি-টকি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দলের সদস্যদের মধ্যে সমন্বয় রাখতে এটি ব্যবহার করা হতো।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। পলাতক বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/টিবি