images

সারাদেশ

যুবদল নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জেলা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষক নুরুল আমীন রতন নড়িয়ার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিদ্যালয়ের কাজ শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ভোজেশ্বর বাজার এলাকায় পৌঁছালে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদারসহ অন্তত ১০ জন তার পথরোধ করেন। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এতে তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

স্থানীয়রা শিক্ষকের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

আহত প্রধান শিক্ষক নুরুল আমীন রতন বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। বাড়ি ফেরার পথে মিজান শিকদার ও তার লোকজন আমার পথ আটকিয়ে হামলা চালায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার। তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। যারা এসব কথা ছড়াচ্ছে তাদের জিজ্ঞেস করুন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হলে আমি মানহানির মামলা করবো।

শরীয়তপুর সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মফিজুর রহমান স্বপন বলেন, আহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান হাত ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি