images

সারাদেশ

বেপরোয়া অটোরিকশার চাপায় শিশু শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ এএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বেপরোয়া অটোরিকশার চাপায় ফারজানা আক্তার (৭) নামে প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের শেখপুর  এলাকায় এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারজানা উপজেলার সুয়াইর ইউনিয়নের রানাহিজল গ্রামের আব্দুল মন্নানের মেয়ে। সে উপজেলার রানাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

রানাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুজেল সাজু বলেন, ফারজানা আমাদের স্কুলের মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। নিরাপদ সড়কের দাবি জানিয়ে তিনি বলেন, আর যেন কোনো শিশুকে এভাবে সড়কে প্রাণ দিতে না হয়।

নিহত শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারজানা ৫-৬ দিন আগে তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের শেখপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফারজানা নানার বাড়ির সামনে মোহনগঞ্জ -আদর্শনগর সড়ক পার হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা এক ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।

 

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, শিশুটির লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার বাবা ঢাকায় চাকরি করেন, খবর শুনে রওনা হয়েছেন। ফারজানার বাবা আসার পর তার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘাতক অটোরিকশাটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি