২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ এএম
বরগুনার পাথরঘাটায় মৎস্য বাজারের চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত থেকে আটজন আহত হয়েছেন। এই ঘটনায় শামীম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকার ব্রিজসংলগ্ন বাইপাস সড়কে এই ঘটনা ঘটে।
আটক শামীম হোসেন কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাছেরখাল এলাকার মো. মজিবর মিয়ার ছেলে। তবে তার দলীয় পরিচয় নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে পরিচিত পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বেচাকেনা হয়। এখান থেকে মাছ বিক্রি করা জেলে, আড়তদার, পাইকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, এই অর্থের একটি অংশ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনামুল হক ইমুকে দিতে হতো। অতিরিক্ত টাকা দেওয়ার বিষয়ে আপত্তি জানালে বিরোধের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, ওই বিরোধের জেরে এনামুল হক ইমু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।
আরও পড়ুন:
বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
বিএফডিসির মাছ ব্যবসায়ী ফোরকান জানান, দুপুর দুইটার দিকে চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে এনামুল হক ইমু ও শামীমসহ কয়েকজন ঘটনাস্থলে এসে বগি দা ও লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে মো. কালু, সোহাগ, আবু সালেহ ও শামীমসহ সাত থেকে আটজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় এনামুল হক ইমুর সঙ্গে থাকা শামীমকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় হস্তান্তর করা হয়।
অভিযোগ প্রসঙ্গে এনামুল হক ইমু বলেন, ‘আমি চাঁদাবাজির সঙ্গে জড়িত নই। দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের বিরুদ্ধে কাজ করছি। আমার এই কার্যক্রমের কারণে একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
তিনি আরও দাবি করেন, মাদকবিরোধী অভিযানে একটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করে তার কাছে রাখা হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য না করে এড়িয়ে যান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাবেন বলে জানান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিনিধি/এএম