images

সারাদেশ

চৌগাছায় সন্ত্রাসী হামলায় সাবেক পৌর কাউন্সিলরের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ এএম

যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাবেক পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ছিলেন।

স্বজনরা জানান, গত ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কুঠিপাড়া এলাকার একটি দোকানে বসে ছিলেন শাহিনুর রহমান। এ সময় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।

শাহিনুর রহমানের নিকটাত্মীয় নাট্যকার আনিছুর রহমান জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘মৃত্যুর বিষয়ে আমাদের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি।’

প্রতিনিধি/একেবি