images

সারাদেশ

ন্যায়নিষ্ঠ থাকলে আমাদের পাশে পাবেন: জামায়াতের ইফতারে মঞ্জু

জেলা প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়; বরং এটি আল্লাহর পক্ষ থেকে আসা একটি আমানত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদিতে ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে ক্ষমতার পরিবর্তনশীলতা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, "আল্লাহ মানুষকে আজ ক্ষমতা দেন, আবার কাল তা কেড়ে নেন। সেই ব্যক্তিই প্রকৃত অর্থে সফল, যিনি ক্ষমতা পাওয়ার পর মানুষের প্রতি সহমর্মী হন, ব্যক্তিগত হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে বিনয়ী আচরণ করেন।"

তিনি আরও যোগ করেন, ‘বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বা ক্ষমতায় আসছেন, তারা আমাদেরই ভাই। আমরা আশা করি, আপনারা জনগণের প্রতি দরদি হবেন এবং তাদের দুঃখ-দুর্দশায় পাশে থাকবেন।’

নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত ও অন্যান্য দলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যদি ন্যায়নিষ্ঠভাবে এবং ন্যায়সঙ্গত পথে কাজ করেন, তবে আমাদের আগের মতো সহকর্মী হিসেবে পাশে পাবেন। কিন্তু যদি আমরা দেখি আপনারা কোনো ভুল করছেন, তবে আমরা অবশ্যই সেই ভুল ধরিয়ে দেব এবং রাজপথে প্রতিবাদ করতে দ্বিধা করব না।’

শর্শদি বাজার কনভেনশন হলে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফয়জুল্লাহর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল হায়দার, মুহতামিম, শর্শদি দারুল উলুম মাদরাসা; এএনএম আব্দুর রহিম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক; মাস্টার আহসান উল্লাহ, এবি পার্টির জেলা নেতা; আব্দুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি; অ্যাডভোকেট নুরুল ইসলাম, সভাপতি, ইউনিয়ন বিএনপি এবং তারিক ইকবাল মনি, সাধারণ সম্পাদক; ইয়াসিন বাবু, সদস্য সচিব, জেলা তাঁতী দল; মোশাররফ হোসেন রিয়াদ, সাধারণ সম্পাদক, সদর উপজেলা কৃষক দল; মীর হোসেন মীরু, ইসলামী আন্দোলনের নেতা এবং কাজী ফারুক, ইউনিয়ন যুবদল নেতা।

ইফতার মাহফিলের আগে দুপুরে ফেনী জেলা এবি পার্টির কার্যালয়ে দলের ছাত্র সংগঠন 'ছাত্রপক্ষ'-এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক নুসরাত জাহান প্রমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে মঞ্জু শিক্ষার্থীদের নৈতিক ও রাজনৈতিকভাবে দক্ষ হওয়ার আহ্বান জানান। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সদস্য সচিব ফজলুল হক এবং অর্থ সম্পাদক মাস্টার শাহীন সুলতানী।

প্রতিনিধি/একেবি