উপজেলা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভার জেলেদের সরকারি সহায়তার ভিজিএফের বরাদ্দকৃত চাল কম দেওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাতেনাতে ধরে ফেলেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সুবিধাভোগী জেলেরা।
জাটকা মৌসুমে জাটকা ধরা থেকে বিরত থাকা দোহার পৌরসভার এমন ৩০ জন জেলেদের ৪০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণের সময় বালতি দিয়ে চাল ওজন দেয়ার সময় উপস্থিত হন দোহার পৌর প্রশাসক মাঈদুল ইসলাম। তিনি বালতি দিয়ে ওজন না দিয়ে ডিজিটাল স্কেলে ওজন করে দেওয়ার কথা জানালে তাৎক্ষণিকভাবে স্কেলের ব্যবস্থা করলেও ওজন দেওয়া ৪০ কেজি চালে ২ কেজি চাল কম পাওয়া যায়। পৌরসভার কর্মকর্তাদের সঠিক ওজনের পরামর্শ ও নিয়মিত স্কেল ব্যবহারের মাধ্যমে সঠিক চাল বিতরণের বিষয়টি স্পষ্ট করেন।
জেলেদের কয়েকজন জানান, প্রথম কিস্তির চালও বালতি দিয়ে ওজন করার কারণে চাল আমরা কম পেয়েছি। আমরা প্রতিবাদ করলে নানাভাবে হেনস্তার শিকার হতো হয়। ১ বস্তায় ৩০ কেজি চাল থাকে। চাল ঢেলে বস্তাটি রেখে দেন তারা।
দোহার পৌরসভার ইঞ্জিনিয়ার মামুনুর রহমানের কাছ চাল কম দেয়ার বিষয়টি জানতে তিনি বলেন, বিতরণের পর চাল বেশি হলে পৌরসভার মাস্টার রুলে যারা চাকরি করেন তাদের মধ্যে বিতরণ করা হয়।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাঈদুল ইসলাম জানান, চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথমবার সতর্ক করে দিয়েছি পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস