images

সারাদেশ

চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, ২ যুবদলকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক কৃষকের লিজ নেওয়া জমি থেকে প্রায় ৫ লাখ টাকার গাজর লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবদলকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের মো. কালামের ছেলে মো. আশিস (৩০), এবং একই এলাকার মো. পলালের ছেলে মো. পলাশ (৩০)। গ্রেফতার আশিস ও পলাশ পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী ও যুবদল কর্মী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে হব্বুল চেয়ারম্যানের দেড় বিঘা জমি এবং পাকশী পেপার মিলস কলোনির চরকী গেটের পশ্চিম পাশে স্বপনের নামে লিজ নেওয়া আরও ২ বিঘা জমিতে গাজর চাষ করেছিলেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুরে গ্রামের শরিফুল ইসলাম।

আরও পড়ুন

নাজিরপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

তিনি অভিযোগ করেন- আসামিরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। প্রাণনাশের হুমকির মুখে তিনি ২৫ হাজার টাকা পরিশোধ করলেও পরবর্তীতে আরও টাকা দাবি করা হয়। দাবি করা অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এরপর গত ৩ ফেব্রুয়ারি রাতে বেলতলা এলাকার দেড় বিঘা জমি থেকে প্রায় ৩০০ মণ গাজর লুট করে, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি রাতে পাকশী পেপার মিলস কলোনির ২ বিঘা জমি থেকে আরও প্রায় ৩৫০ মণ গাজর লুট করে, যার মূল্য ৩ লাখ। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার ফসল লুট করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস