জেলা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ এএম
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের সফরের প্রতিবাদে ‘রংপুর-৪ এর সাধারণ ভোটারের’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমীন দাজু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি।
বিক্ষোভ সমাবেশ থেকে হরতাল ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেও পরে তা কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয় পৌর বিএনপির পক্ষ থেকে।
এদিকে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হারাগাছ পৌর এলাকার লোকজনের সঙ্গে কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও হারাগাছ থানা পরিদর্শনের কথা রয়েছে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের।
এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, আজ দুপুরে হারাগাছ পৌর শহরে সংসদ সদস্য আখতার হোসেনের সফর ঘিরে কোনো উত্তেজনা নেই। বর্তমান পরিস্থিতি ভালো আছে। তবে কেউ যাতে আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে এর আগে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেন ওই আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। আবেদনের মাধ্যমে ভোট পুনর্গণনার দাবি জানান তিনি। সেই সময় বিক্ষোভ মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তার সমর্থকরা।
প্রতিনিধি/এসএস