Dhaka Mail Logo

সারাদেশ

ভোলায় রোজার সময় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জেলা প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

ভোলার লালমোহন উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক স্থাপনের অভিযোগ তুলে এক কলেজপড়ুয়া যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক তরুণী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অভিযুক্ত যুবকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযুক্ত যুবক স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে অনশনকারী তরুণী একই উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একটি দাখিল মাদরাসার ছাত্রী বলে জানা গেছে।

তরুণীর অভিযোগ, প্রায় আট মাস আগে রায়চাঁদ বাজার এলাকায় তাদের পরিচয় হয়। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শপথ করে অভিযুক্ত যুবক তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

তিনি আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে ওই যুবক তাকে বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যান। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় যুবকের পরিবারের সদস্যরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করেন তিনি।

তরুণীর দাবি, বিয়ের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে ফিরবেন না। বিয়ে না হলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস