images

সারাদেশ

বিদ্যুৎ ঘাটতি নিরসনের চেষ্টা করা হচ্ছে: প্রতিমন্ত্রী অমিত

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পাদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘পবিত্র মাহে রমজানে অগ্রাধিকার তালিকার ভিত্তিতে ইফতার, তারাবি ও সেহরিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সার্কিট হাউজে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একই সঙ্গে আগামী বোরো মৌসুমে কৃষক যেন কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রস্তুতির নির্দেশও দিয়েছেন প্রতিমন্ত্রী।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বর্তমান সরকার পবিত্র মাহের রমজানে সরকার তিনটি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। একটি দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পবিত্র মাহে রজমান শুরু হয়েছে সেই সাথে ইরিগেশন চাপ রয়েছে। তারপরও ইফতার, তারাবি এবং সেহরিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যদিও বিদ্যুতের ঘাটতি রয়েছে। এমতাবস্থায় কিভাবে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুতের ঘাটতি নিরসন করা যায় আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এদিন সকালে প্রথমবারের মতো অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হয়ে দুই দিনের সরকারি সফরে আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে সার্কিট হাউজ এলাকায় ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায় বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মীদের।

যশোর শহর ছাড়াও জেলার আট উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ ফুলের তোড়া ও মালা নিয়ে দলে দলে সার্কিট হাউজে আসেন। তাদের সঙ্গে প্রতিমন্ত্রী সৌজন্য মতবিনিময় করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় যোগদান, দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় পরে বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে যোগদান করবেন প্রতিমন্ত্রী

প্রতিনিধি/এএম