জেলা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশের যে সব নদী খনন দরকার এবং যে সব জলাশয় দখল রয়েছে সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। একইসঙ্গে সাধারণ মানুষ ও প্রশাসনসহ কিছু মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড় জেলে প্রশাসনের আয়োজনে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ৮১ সাল পর্যন্ত প্রায় ২ হাজারের বেশি মাইলের যে খাল খনন করেছিলেন, সেই খাল খনন কর্মসূচিকে আবারও আগামী ১৫ দিনের মধ্যে সামনে আনা হবে। একইসঙ্গে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও করা হবে বলে জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিনিধি/এসএস