১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম
লেবুর রাজ্য হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হঠাৎ করেই অস্বাভাবিক হারে বেড়েছে লেবুর দাম। এই অঞ্চলের পাহাড়ি টিলাগুলো লেবু উৎপাদনের জন্য দেশজুড়ে প্রসিদ্ধ হলেও বর্তমানে সরবরাহ কমে যাওয়া এবং মৌসুমী উৎপাদন হ্রাসের কারণে বাজারে তীব্র মূল্যচাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে দেশজুড়ে।
কয়েক দিন আগেও যেখানে প্রতি হালি লেবু ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হতো, সেখানে বর্তমানে আকারভেদে দাম দাঁড়িয়েছে ৮০ থেকে ১৫০ টাকা। বাজারে বড় সাইজের লেবু বিক্রি হচ্ছে প্রায় ১০০-১৫০ টাকায়, মাঝারি আকারের লেবু ৮০-১০০ টাকা এবং ছোট সাইজের লেবু ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে বলে লেবুচাষি ও বিক্রেতাদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। তবে বিক্রেতাদের দাবি, রমজান উপলক্ষে এই খাদ্যপণ্যটির দাম বাড়েনি; বরং বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন বাজার ও শ্রীমঙ্গলের লেবুর আড়ত ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, লেবুর প্রধান মৌসুম হচ্ছে বর্ষাকাল। তখন প্রচুর লেবু উৎপাদিত হওয়ায় দামও বেশ কম থাকে। কিন্তু বর্তমান শুষ্ক মৌসুমে প্রাকৃতিক কারণেই উৎপাদন কমে যায়। যারা বাগানের বাড়তি যত্ন করেন, কেবল তাদের গাছেই কিছু লেবু থাকে, যা চাহিদার তুলনায় অত্যন্ত সামান্য।
স্থানীয় বাগান মালিকরা জানান, এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় লেবুর ফলন আশঙ্কাজনকভাবে কমেছে। বাগান মালিক জুয়েল আহমদ চৌধুরী বলেন, পানির অভাবে গাছের ফুল ঝরে যাওয়ায় স্বাভাবিক ফলনের চার ভাগের এক ভাগও পাওয়া যাচ্ছে না। শ্রীমঙ্গল এলাকার লেবুচাষি সামছুল ইসলাম জানান, এখন গাছে লেবু খুবই কম এবং অনেক কষ্টে ফলন টিকিয়ে রাখতে হচ্ছে, যার ফলে দাম কিছুটা বেড়েছে। পাইকারি ক্রেতা জহির মিয়া জানান, ২ হাজার পিস লেবু কিনে পরিবহন খরচসহ প্রতিটি লেবুর কেনা দাম পড়ছে প্রায় ১৮ টাকা। ব্যবসায়ী রুবেল মিয়ার মতে, রোজার আগে থেকেই সরবরাহ সংকটের কারণে দাম চড়া, এর পেছনে অন্য কোনো কারণ নেই।
এদিকে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, নিত্যপণ্যের দামবৃদ্ধির মিছিলে এখন লেবুও যোগ দিয়েছে। স্থানীয় ক্রেতা রফিকুল ইসলাম বলেন, লেবু ছাড়া অনেক খাবারই অসম্পূর্ণ লাগে, কিন্তু হঠাৎ দাম বেড়ে যাওয়ায় এখন হিসাব করে কিনতে হচ্ছে। আরেক ক্রেতা নাজমুল হাসান জানান, শ্রীমঙ্গলের ভালো মানের লেবু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন জানান, উপজেলায় ১ হাজার ২৩৫ হেক্টর জমিতে লেবু চাষ হলেও বৃষ্টিপাতের অভাবে এবার ফলন কমেছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন আশ্বস্ত করেছেন যে, প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদফতরের সমন্বয়ে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় রোধে নিয়মিত অভিযান চালানো হবে। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. জালাল উদ্দিন জানান, এখন লেবুর মৌসুম না হওয়ায় জোগানের তুলনায় চাহিদা অনেক বেশি, যার ফলে দাম বেড়েছে। তবে বৃষ্টি শুরু হলে লেবু পরিপক্ক হবে এবং সরবরাহ বাড়লে দামও দ্রুত কমে আসবে।
প্রতিনিধি/একেবি