জেলা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম
নোয়াখালীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের টাউন হল মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর শেখ নামে একটি আইডি থেকে ভিডিওটি লাইক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জেলা আওয়ামী লীগের এই কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। আজ সকালে একদল নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এবং কার্যালয়ের সামনে একটি ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়’ নামে একটি ব্যানার কার্যালয়ের প্রধান ফটকে টাঙিয়ে দেন।
কার্যালয়টি খোলার সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। তারা জানান, রাজনৈতিক কার্যক্রম সচল করতেই তারা দীর্ঘ প্রতীক্ষার পর কার্যালয়ে ফিরেছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় কিছুটা চাঞ্চল্য তৈরি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় কর্মী জানান, দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল কার্যালয়টি সচল করার। আজ আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কার্যালয়ে প্রবেশ করেছি।
প্রতিনিধি/এসএস