Dhaka Mail Logo

সারাদেশ

শেরপুরে বিদুৎস্পর্শে ২ কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম

শেরপুরের নকলায় বিদুৎস্পর্শে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিয়ে উপজেলার ৫ নম্বর বানেশ্বর্দী ইউনিয়নের পুলাদেশী গ্রামে এ ঘটনা ঘটে। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুজাত বিষয়টি নিশ্চিত করেছেন।  

ডা. মালিহা বলেন, আজ বিকেল সাড়ে ৫টার দিকে মিন্টু ও আঙুর নামে দুই ব্যক্তিকে নকলা হাসপাতালে আনার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

একই সময় সামিদুল ইসলাম নামের অপর একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। 

মৃত মিন্টু মিয়া (৪৫) পুলাদেশী গ্রামের উমেদ আলীর ছেলে, আর আঙুর মিয়া (৫০) একই গ্রামের কুবেদ আলীর বড় ছেলে। 

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী অবসরপ্রাপ্ত আর্মির সার্জেন্ট রেজাউল করিম মিন্টু জানান, মঙ্গলবার বিকেলে কৃষক সামিদুল ইসলাম তার নিজ সেচ পাম্পের তার মেরামত করার সময় মই নিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি নিচে পড়ে গেলে প্রতিবেশী মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়া তাকে উদ্ধার করতে এসে বিদুৎ স্পৃষ্ট হয়।

পরে তাদের নকলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নকলা থানার ডিউটি অফিসার তরিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহতের ঘটনায় সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুজন কৃষক নিহতের ঘটনায় নকলা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

প্রতিনিধি/ এজে