জেলা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার ভাগনে ডক্টর এম এ মুহিত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারা শপথ গ্রহণ করেন। সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে নির্বাচিত ডক্টর এম এ মুহিতকে স্বাস্থ্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। ওনার বাবা আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শিল্পমন্ত্রী। টুকুর ভগ্নিপতি (ডক্টর এম এ মুহিতের বাবা) ডা. এম এ মতিন ছিলেন সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে মামা-ভাগনে একত্রে মন্ত্রিসভায় স্থান পাওয়ায় সিরাজগঞ্জজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপির তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উল্লাস দেখা গেছে।
শহরের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমরা সিরাজগঞ্জবাসী গর্বিত। আশা করি, তার হাত ধরে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন হবে। সেই সঙ্গে ডক্টর এম এ মুহিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় যমুনাপারের মানুষের চিকিৎসাসেবায় আমূল পরিবর্তন আসবে।’
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দুলাল উদ্দিন আহমদ বলেন, "ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের দুই সদস্য একসঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হওয়ায় জেলার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত। এতে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি আরও বেড়ে গেল।"
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল বলেন, ‘আমরা নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহিত। এক জেলা থেকে দুজন মন্ত্রী পাওয়া আমাদের জন্য বড় অর্জন। আশা করছি জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আজ সিরাজগঞ্জবাসীর জন্য একটি স্মরণীয় দিন। আমাদের নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই। ইকবাল হাসান মাহমুদ টুকু এর আগেও বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এবার তার সঙ্গে তার আপন ভাগনে ডক্টর মুহিতও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, যা আমাদের জন্য গৌরবের।’
প্রসঙ্গত, ইকবাল হাসান মাহমুদ টুকু এর আগে ১৯৮৬, ১৯৮৮ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি চারদলীয় জোট সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। দীর্ঘ ২০ বছর পর একই আসনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে তিনি পুনরায় একই মন্ত্রণালয়ের (এবার পূর্ণ মন্ত্রী হিসেবে) দায়িত্ব পেলেন।
অপরদিকে, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মুহিত তার বাবা সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের আসন (সিরাজগঞ্জ-৬) থেকে প্রথমবারের মতো নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন।
প্রতিনিধি/একেবি