জেলা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
নেত্রকোনায় অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।
গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার বায়রাউড়া বাজারে কেন্দুয়া-নেত্রকোনাগামী পাকা সড়কের ওপর থেকে তাদের আটক করা হয়।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন- জেলা সদরের দুর্গাশ্রম গ্রামের মো. কামরুল ইসলাম (৪৮) ও তার স্ত্রী নাসরিন সুলতানা (৩৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদে রোববার রাতে সদর উপজেলার বায়রাউড়া বাজারে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে চেকপোস্ট বসায় সহকারী পরিচালক নাজমুল হকের নেতৃত্বে একটি দল। এ সময় একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২০০ পিস ইয়াবা পাওয়ার পর ওই দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।
সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস