images

সারাদেশ

খুলনায় বিকেলে আ. লীগ অফিস খুলে মাল্যদান, রাতে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ এএম

জুলাই অভ্যুত্থানের পর থেকে বন্ধ থাকা খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। পরে জয়বাংলা বলে স্লোগান দেন তারা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা সদর থানার শঙ্খ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যালয়টির তালা খোলেন দলটির নেতাকর্মীরা।

এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন।

খোঁজ নিয়ে জানা যায়, সোনাডাঙা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি এম আরিফের নেতৃত্বে বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় রাশেদ সরদার, জাহাঙ্গীর হোসেনও উপস্থিত ছিলেন।

এদিকে, আওয়ামী লীগ অফিস খোলার খবর জানতে পেরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সন্ধ্যায় ছবি ও কাগজপত্রে আগুন দেয়।

ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদ হামিম রাহাত বলেন, নির্বাচন শেষ হওয়ার দুদিনের মাথায় এমন ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। সংগঠনটি আদালতের নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ। সব ধরনের রাজনৈতিক তৎপরতা তাদের স্থগিত।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শঙ্ক মার্কেটে আওয়ামী লীগের বন্ধ থাকা অফিস খোলার ঘটনা জানতে পেরেছি। আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করে কারা খুলেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি রাতে বিক্ষুব্ধ ছাত্ররা অফিসটিতে অগ্নিসংযোগ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/টিবি