Dhaka Mail Logo

সারাদেশ

সবাইকে নিয়ে উন্নত পীরগঞ্জ গড়তে চাই: এমপি নুরুল আমিন

জেলা প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে পীরগঞ্জের সব মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন।

নির্বাচনে জয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, শান্তির, ঐক্যবদ্ধ ও উন্নত পীরগঞ্জ গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রংপুর-৬ আসন থেকে জামায়াতের ইসলামীর প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ৫১ বছর বয়সী নুরুল আমিন। ১১ দলীয় জোটের এই প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি ২ হাজার ৪২৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।

মাওলানা নুরুল আমিন পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক। এছাড়াও তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি। ইসলামী বক্তা হিসেবেও দেশব্যাপী পরিচিতি আছে তার। তিনি একজন খতিবও। তিনি উপজেলার চতরা ইউনিয়নের দৃষ্টিনন্দন আলতাবনগর জামে মসজিদের খতিব।

নির্বাচনে জয়ের প্রতিক্রিয়ায় মাওলানা নুরুল আমিন বলেন, ‘ভোটার ভাই ও বোনেরা ১১ দলের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি পীরগঞ্জের সর্বসাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে কথা বলবো।

 

আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না, আল্লাহ পাক মেহেরবানি করে এমন বিজয় দান করেছেন, এখন আমাদের কাজ হলো সবাইকে নিয়ে পীরগঞ্জটাকে সাজানো। যারা সম্মান দিয়ে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, তাদের এই সম্মানের প্রতি শ্রদ্ধা মর্যাদা রেখেই প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে সঙ্গে নিয়ে উন্নত পীরগঞ্জ গড়তে চাই।

‘আমার কাছে দলীয় ব্যক্তি হিসেবে বিবেচনা বিবেচ্য বিষয় হবে না, বরং আমার এই পীরগঞ্জ শহীদ আবু সাঈদের রক্তস্নাত এই জমিনে যারা আমরা এই বিজয় পেয়েছি, এটা আমার বিজয় না, এটা পীরগঞ্জবাসীর বিজয় বলে আমি মনে করি। আমরা সকলে মিলে, হৃদয়ের রঙ তুলি দিয়ে সাজাবো এই পীরগঞ্জকে।’

মাওলানা নুরুল আমিন পীরগঞ্জ পৌরসভার দূরামিঠিপুর গ্রামের মাওলানা আজিজুর রহমান ও মরহুম আমেনা খাতুন দম্পতির ছেলে। ১৯৭৪ সালের ১ মার্চ জন্ম নেওয়া নুরুল আমিন পীরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসা থেকে দাখিল, আলিম ও ফাজিল পাস করেন। এরপর নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসা থেকে কামিল পাস করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও ইসলামিক স্টাডিজে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

১৯৯৬ সালে তিনি পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসায় আরবি প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৯৭ সাল থেকে তিনি ইমামতি শুরু করেন। শুরুতে পীরগঞ্জ কেন্দ্রীয় বাজার মসজিদের ইমামতি করেন। বর্তমানে উপজেলার চতরার আলতাবনগর জামে মসজিদের খতিব হিসেবে নিয়োজিত আছেন।

প্রতিনিধি/টিবি