images

সারাদেশ

ময়মনসিংহে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু, আহত ২

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকাসক্ত চাচার ছুরিকাঘাতে ভাতিজা স্বাধীন মন্ডল (১৮) নামে এক তরুণ মারা গেছেন। একই ঘটনায় ছুরিকাঘাতে রোকেয়া বেগম (৫০) ও হৃদয় (২০) নামে দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সুজন মন্ডল(৩২) উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামের মৃত ছোবহানের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় মাদকাসক্ত সুজন তার চাচাত ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগমের সাথে ঝগড়া লাগে। এক পর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে রোকেয়া বেগমকে ছুরিকাঘাতে উদ্ধত হয়। এ সময় সুজনের ভাতিজা স্বাধীন মন্ডল দৌড়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করায় সুজন আরও ক্ষিপ্ত হয়ে স্বাধীন মন্ডলকে বুকে আঘাত করে।

এ সময় ধস্তাধস্তিতে রোকেয়া বেগম ও হৃদয় নামে অপর দুই জন সহ তিনজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে স্বাধীন মন্ডল মারা যায়। অপর আহত দুইজনের মধ্যে রোকেয়া বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। আঘাতপ্রাপ্ত হলেও ফুসফুস ছিদ্র হয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা করছি।

প্রতিনিধি/একেবি