জেলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। এরমধ্যে ৬ জন ছাড়া বাকি সবাই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। কিন্তু ১০ প্রার্থীর কেউই তাদের মোট ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পাননি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের প্রতিটিতেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী ড. কেরামত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা। এ আসনে জাতীয় পার্টির আফজাল হোসেন ২২৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম ৫৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ১০৮৩ ভোট ও ইসলামী ফ্রন্টের নবাব শামসুল হোদা ৪৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম। এ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম ৬২৬ ভোট, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম ৮১৭৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল ১০৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী হারুনুর রশীদ। এ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন সুমন ৬৩৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ৮২০ ভোট ও গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম ৩৬১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
প্রতিনিধি/ এজে