জেলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে বড় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ৬ হাজার ৩৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনের মোট ১৪৩টি ভোটকেন্দ্রে (হালুয়াঘাটে ৯৪টি ও ধোবাউড়ায় ৪৯টি) মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬৪ হাজার ৬৭৩টি। এর মধ্যে সালমান ওমর রুবেল (স্বতন্ত্র) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট। অপরদিকে, সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট।
ভোটগ্রহণ চলাকালীন ও ফলাফল ঘোষণার সময় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জানা গেছে, সকাল থেকে ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের কর্মীদের বিভিন্নভাবে উসকানি দেওয়া হয়েছে। এসব হামলায় সালমান ওমর রুবেলের অন্তত ৪-৫ জন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফলাফল ঘোষণার সময় হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা চত্বরে ধানের শীষের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা অত্যন্ত সজাগ ছিলাম। ফলাফল ঘোষণার সময় কিছু এলাকায় লোকসমাগম বাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় র্যাব প্রস্তুত রয়েছে। উত্তেজনার খবরে র্যাবের ছয়টি ইউনিট জনগণের জানমাল রক্ষায় কাজ করছে আসনটিতে।
প্রতিনিধি/এজে