images

সারাদেশ

ইউপি সদস্য থেকে এমপি নির্বাচিত নুরুল আমিন

উপজেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

সমাজসেবার লক্ষ্যে মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিসেবে রাজনৈতিক পথচলা শুরু। এরপর ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ধাপে ধাপে নেতৃত্বের সিঁড়ি বেয়ে এবার জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলেন নুরুল আমিন চেয়ারম্যান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেন তিনি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বেসরকারিভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে নুরুল আমিন চেয়ারম্যান পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।

জানা গেছে, ১৯৬৮ সালের ১ জানুয়ারি ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে জন্মগ্রহণ করেন নুরুল আমিন চেয়ারম্যান। তাঁর পিতা মাওলানা আবুল খায়ের, মাতা নুরুন্নাহার। চার ছেলে ও তিন মেয়ের জনক তিনি। সমাজ সেবার লক্ষ্য নিয়ে ১৯৯৮ সালে প্রথম ইউপি সদস্য পদে নির্বাচন করে জয়লাভ করেন। পরবর্তীতে ২০০৩ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। সেই সঙ্গে মিরসরাইয়ে নুরুল আমিন চেয়ারম্যান হিসেবে পরিচিতি লাভ করেছেন। পরে ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। ৫/৬ মাস অফিস করার পর তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে একাধিক মামলা দিয়ে হয়রানি করে পরবর্তীতে তাঁকে ওই পদ থেকে অপসারণ করা হয়।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেও বিজয়ী হতে পারেননি। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এবার দলের মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হয়ে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

বিজয়ী হওয়ার পর নুরুল আমিন অনুভূতি ব্যক্ত করে বলেন, মিরসরাইয়ের মানুষ ভালোবেসে আমাকে ইউপি সদস্যের পদ থেকে আজকের এই পর্যায়ে এনেছে। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারাটাই আমার সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক জীবনে অনেক ঘাত-প্রতিঘাত এসেছে, তবু কখনও মানুষের প্রতি বিশ্বাস হারাইনি।'

তিনি বলেন, দল আমাকে যে সম্মান দিয়েছে, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।

মিরসরাইয়ে তার এ বিজয় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

প্রতিনিধি/ এজে