Dhaka Mail Logo

সারাদেশ

২ আসনেই হেরেছেন মুফতি ফয়জুল

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) ও ৬ (বাকেরগঞ্জ), দুটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই পীর। একই সঙ্গে বরিশালের ৬টি আসনেই দাপটে জয় পেয়েছে বিএনপি। ফয়জুল এ নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসাবে লড়েছেন।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশাল-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট। আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী ২২ হাজার ৪৮৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

বরিশাল-৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করীম। এ আসনের মোট ১১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। তিনি পেয়েছেন ৮২ হাজার ২১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফয়জুল পেয়েছেন ২৯ হাজার ১৪৬ ভোট। অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদুন্নবী ৫৫ হাজার ৯৮৮ ভোট পেয়েছেন।

প্রতিনিধি/ এজে