জেলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
পটুয়াখালী জেলায় ৪টি আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি-ধানের শীষ) ২টিতে, বিএনপি এবং গণঅধিকার পরিষদ জোট (ট্রাক) ১টিতে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ১টিতে বিজয় লাভ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
নির্বাচনের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর- দুমকি-মির্জাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী (ধানের শীষ) আলতাফ হোসেন চৌধুরী ১ লাখ ৫২ হাজার ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ফিরোজ আলোম পেয়েছেন ৫৮ হাজার ১৬১ ভোট।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ (দাঁড়িপাল্লা) ১ লাখ ৭৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী (ধানের শীষ) মো. শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ৬৭৬ ভোট।
তবে এই আসনে বিএনপির প্রার্থীর পরাজয়ের জন্য দলীয় অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে বিএনপি ও গণঅধিকার পরিষদের জোটের প্রার্থী (ট্রাক) ভিপি নুরুল হক নুর ৯৭ হাজার ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) হাসান মামুন পেয়েছেন ৮১ হাজার ৩৬১ ভোট। তবে, আসনের গলাচিপা উপজেলার ফলাফল পাওয়ার পরই গতকাল রাতে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন তার ফেইসবুক পেইজে নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়েন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ত্রিমুখী লড়াই শেষে বড় ব্যবধানে বিএনপির প্রার্থী (ধানের শীষ) এবিএম মোশাররফ হোসেন ১ লাখ ২৪ হাজার ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ১২৭ ভোট। এ আসনে চারজন প্রার্থী থাকলেও গত ৮ ফেব্রুয়ারি বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান। পটুয়াখালী জেলায় চারটি আসনে শান্তিপূর্ণ নির্বাচনে নির্বাচিত যাঁরা
পটুয়াখালী জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ জন এবং হিজড়া ভোটার ১৮ জন।
এরমধ্যে থেকে ৯ লখ ৭ হাজার ৬৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলায় স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ৫১৩টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২ হাজার ৮৯০টি এবং অস্থায়ী ভোটকেন্দ্র ২৪৬টি। মোট ভোটকক্ষের সংখ্যা ৩ হাজার ১৩৬টি। জেলার ৮টি উপজেলার ৫টি পৌরসভা ও ৭৭টি ইউনিয়নে এ ভোট অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/এজে