জেলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়ে নতুন নজির গড়েছেন। আগে কখনও একযোগে চার আসনে দলটির এমন সাফল্য দেখা যায়নি।
প্রতিটি আসনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং একটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে মৌলভীবাজারের ৪টি আসনের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার ৪টি আসনে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১১৩টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট।
আরও পড়ুন
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মোট ভোটকেন্দ্র ১০৩টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী- মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে ৫৩ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-৩ (রাজনগর ও সদর) আসনে মোট ভোটকেন্দ্র ১৭৫টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী- নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে ৭৭ হাজার ৬৩৬ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ- শ্রীমঙ্গল) আসনে মোট ভোটকেন্দ্র ১৬৩টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী- মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে ৫০ হাজার ২০৪ ভোট পেয়েছেন।
প্রতিনিধি/এসএস