images

সারাদেশ

লক্ষ্মীপুর-৩ আসনে জয় পেলেন এ্যানি

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসনটির ১৩০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আসনটিতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে ৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৭০৯, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৫৮ এবং হিজড়া ভোটার ৫ জন। এ আসনে ৬০-৬৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

প্রসঙ্গত, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি।

প্রতিনিধি/জেবি