জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
দীর্ঘদিন পর নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। ভোটকেন্দ্রের পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত সন্তোষজনক ছিল। বর্তমান পরিস্থিতিতে আমি অত্যন্ত আনন্দিত এবং বাংলাদেশের নির্বাচন ও ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী।
দেশের বৃহত্তর স্বার্থে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি ছিল। এই নির্বাচনে আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে। ইনশাআল্লাহ, বিপুল ভোটে ফেনী-৩ আসনে আমি জয়ী হবো বলে আশা রাখি।
বৃহস্পতিবার সকাল ৮টায় বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে আবদুল আউয়াল মিন্টু তার নির্বাচনী দিনের কার্যক্রম শুরু করেন। এরপর সকাল সাড়ে ৮টায় দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরপর দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি।
ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত ফেনী-৩ আসন। এই আসনের ১৬১টি কেন্দ্রে মোট ৫ লাখ ৮ হাজার ১৯২ জন ভোটারের মধ্যে দিনভর প্রায় ৫৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
প্রতিনিধি/একেবি