জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম
দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নরসিংদীর ৫টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বর্তমানে ভোটকেন্দ্রগুলোতে শুরু হয়েছে বহুল কাঙ্ক্ষিত ভোট গণনা।
এবারের নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ২৪৬ জন এবং নারী ভোটার ৯ লাখ ৭০ হাজার ৯৮৭ জন। এ ছাড়া জেলায় এবার ৩৬ জন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলার ৫টি আসনে মোট ৬৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৯৩টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে কড়া নিরাপত্তার কারণে কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়নি। অধিক ঝুঁকিপূর্ণ ২৫০টি কেন্দ্রে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বডি ক্যামেরাসহ দায়িত্ব পালন করেছেন, যা স্বচ্ছতা নিশ্চিতে সহায়তা করেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব ও পুলিশের ভ্রাম্যমাণ টিম পুরো জেলাজুড়ে টহল দিয়েছে।
বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রিজাইডিং অফিসারদের তত্ত্বাবধানে গণনা শুরু হয়। দিনের শুরু থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা সারি দেখা গেছে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ লক্ষ্য করা গেছে। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ১৭ বছর পর ভোটাররা অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
নরসিংদী-১ থেকে ৫ আসনের ফলাফল এখন উপজেলা ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। একে একে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করলে বিজয়ীদের নাম স্পষ্ট হবে। সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের দৃষ্টি এখন জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের দিকে।
প্রতিনিধি/একেবি