images

সারাদেশ

শরণখোলায় নির্বাচন ঘিরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সংঘর্ষের উভয় পক্ষের ১০ আহত হয়েছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ৬ জন এবং বিএনপির ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম জামায়াতের ৬ জন নেতাকর্মী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন

হামাগুড়ি দিয়ে এসে ভোট দিলেন কামাল মিয়া

অপরদিকে বিএনপি প্রার্থী বাবু সোমনাথ দের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

শরণখোলা উপজেলা জামায়াতের আমির মো. মাওলানা রফিকুল ইসলাম কবির অভিযোগ করে বলেন, বিএনপি সমর্থকরা তাদের ৬ জন নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। তিনি আরও দাবি করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তাদের কর্মীদের ভোট দিতে আসতে বাধা দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

প্রতিনিধি/এসএস