images

সারাদেশ

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১২টায় তিনি রংপুর বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়ার নেহার স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোট দিয়ে সাংবাদিকদের আজহারুল ইসলাম জানান, অনেক বছর পর ভোট দিলাম। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনি মাঠে ভোটারদের মাঝে যে উৎসাহ উচ্ছ্বাস দেখেছি। আশা করছি দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে এবং ১১ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

এটিএম আজহারুল ইসলাম রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে। এই আসনে প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল, বিএনপির মোহাম্মদ আলী সরকার, ইসলামী আন্দোলনের আশরাফ আলী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আজিজুর রহমান।

478fcee6-810f-4247-947b-01de949d96b2

এখানে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীকে হেভিওয়েট হিসেবে দেখছেন ভোটাররা। কারণ জাতীয় পার্টি ও বিএনপির প্রতিদ্বন্দ্বী দু’জনই সাবেক সংসদ সদস্য এবং অন্যজন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা। এবার এই আসনে আশার আলো দেখছে বিএনপি। অন্যদিকে, আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় জাতীয় পার্টির প্রার্থীর অবস্থানও ভালো। প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতায় থাকায় এই আসন দলটির জন্য মর্যাদার। আগের চেয়ে এখানে জামায়াতের অবস্থান শক্তিশালী হওয়ায় ভোটাররা বলছেন, এই আসনেও লড়াই হবে ত্রিমুখী।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬২৫ জন। হিজড়া ভোটার রয়েছে ৯ জন। এই আসনে মোট ভোটকেন্দ্র ১৩৭টি।

1aebf694-0233-4776-9bd8-509bd9a79edd

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। হিজড়া ভোটার রয়েছে ৩১ জন। জেলায় মোট ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে আটশো ৭৩ জন প্রিজাইডিং, পাঁচ হাজার ১৮ জন সহকারী প্রিজাইডিং এবং ১০ হাজার পোলিং অফিসার ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।   

এদিকে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য রংপুর জেলার ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাহিরে সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বডিওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস