জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বরিশালের ছয়টি সংসদীয় আসনে গড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলম সুমন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
এদিকে বরিশাল-৫ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও অধিকাংশ কেন্দ্রে এজেন্ট পাওয়া গেছে শুধু ধানের শীষ ও হাতপাখা প্রতীকের প্রার্থীদের। অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।
সকাল ৮টায় বরিশাল নগরীর রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। একই সময়ে নগরীর বগুড়া রোড এসসিজিএম স্কুল কেন্দ্রে ভোট দেন বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী।

নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল কেন্দ্র পরিদর্শনে এসে বরিশাল মহানগর উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, কোথাও কোনো অঘটন ঘটার সুযোগ নেই। কোনো সংবাদ পেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে। স্বস্তির পরিবেশ রক্ষা করতে তফসিল ঘোষণার পর থেকেই পুলিশ কাজ করছে।
সকাল সাড়ে সাতটার দিকে বরিশাল সিটি করপোরেশন এলাকার চৈতন্য স্কুল ভোটকেন্দ্রে সরেজমিনে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও কোনো লাইন বা ভিড় ছিল না। কেন্দ্রে আসা অনেকেই ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে কিছু ভোটার উৎসবমুখর পরিবেশ না পাওয়ার কথা জানিয়েছেন।

অন্যদিকে সকাল ৯টার দিকে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় শুনশান নিরব পরিবেশ। প্রায় ২ হাজার ৭৩৬ ভোটারের এই কেন্দ্রে সকাল দুই ঘণ্টায় প্রায় ২০০টি ভোট পড়ে। প্রিজাইডিং কর্মকর্তা রেদওয়ান জানান, নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি প্রায় সমান।
সামগ্রিকভাবে সকাল পর্যন্ত বরিশালের কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে দেখা গেছে।
প্রতিনিধি/এসএস