জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মতো ভোলায়ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে জেলার চারটি সংসদীয় আসনের ভোটাররা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সকাল থেকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট মাকসুদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভী হাট দাখিল মাদরাসা ও শান্তির হাট ইসলামিয়া মাদরাসাসহ বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। প্রথমবারের ভোটারদের মধ্যেও রয়েছে বাড়তি উৎসাহ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে ৬ স্তরের নিরাপত্তা।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্স। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে আচরণবিধি বাস্তবায়ন করা হচ্ছে।
দুর্গম চরাঞ্চলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসনের দাবি, এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, জেলার ৫২৫টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৬২২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ১৩১টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। যার মধ্যে ৪৩টি কেন্দ্র দুর্গম চরাঞ্চলে।
দিনভর ভোটার উপস্থিতি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হবে গণনা কার্যক্রম।
প্রতিনিধি/এসএস