images

সারাদেশ

ভোটের ছুটিতে গাজীপুরের ২ মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ

জেলা প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম

ভোটের জন্য সরকারি ছুটি ঘোষণার পর স্বজন, পরিবার নিয়ে গ্রামের পথে ছুটছেন পোশাক শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ।

এজন্য সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। ফলে গুরুত্বপূর্ণ পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন ও যাত্রা নির্বিঘ্ন রাখতে গাজীপুর মহানগর, জেলা ও হাইওয়ে পুলিশ নানামুখী পদক্ষেপ নিয়েছেন।

পুলিশ, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে পরিচিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে উত্তরবঙ্গে ২২ জেলার বিভিন্ন রুটের যানবাহন চলাচল করে। ভোটের ছুটিতে এসব অঞ্চলের মানুষ একসঙ্গে গ্রামের বাড়ির পথে যাত্রা শুরু করেছে। ফলে সড়ক ও মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করায় মহাসড়কের চন্দ্রা অংশে যানজটের সৃষ্টি হয়। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহসাড়কেও যানবাহনের চাপ বেড়ছে।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাসুদ রানা বলেন, ভোটের সরকারি ছুটি উপলক্ষে এরই মধ্যে মানুষ তাদের গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

প্রতিনিধি/টিবি