জেলা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, গণতন্ত্রের প্রধান আকর্ষণ হচ্ছে নির্বাচন, অথচ বিগত ১৭ বছর দেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। স্বৈরাচার সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছিল। অনেক লড়াই সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এই নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ভবিষ্যতে গণতন্ত্রের পথে হাঁটবে কিনা, উন্নয়নের পথে থাকবে কিনা, তা নির্ভর করছে এই নির্বাচনের ওপর।
দেশের স্বার্থ কে সবার আগে প্রাধান্য দিয়ে, বাংলাদেশ কে পৃথিবীতে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এবং 'হ্যাঁ' ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।
রোববার (৮ ফেব্রুয়ারি) খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর পক্ষে পাইকগাছা উপজেলাবাসীর বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যদি কোনো ধর্মান্ধ গোষ্ঠী শাসন ক্ষমতায় আসে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তি এই দেশটাকে হামাস গাঁজার মতো পরিস্থিতি করে ফেলতে পারে। স্বৈরাচার এবং গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা এই নির্বাচন নির্ধারণ করবে। বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সহিষ্ণুতা বজায় রেখে আমরা সবাই মিলে দেশটাকে গড়ব। সব ধর্মের এবং সব মতের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল থাকবে।
পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় পাইকগাছা বয়েজ স্কুল ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর সভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, শেখ সামসুল আলম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি প্রমুখ।
প্রতিনিধি/এসএস