জেলা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম
কুমিল্লার দেবীদ্বারে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লার সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের ৩ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার ৩ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর দক্ষিণ বাজারে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন— ৩ নম্বর সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মো. গোলাম হাক্কানি (৪৩), একই গ্রামের জনু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সুমন (৩০) ও ছত্তর মিয়ার ছেলে সুজন (২০)। এরা ৩ জনই বিএনপি সমর্থক। আহতরা সবাই গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের পক্ষে সিএনজিচালিত অটোরিকশার মাইকিং প্রচারণা কর্মী ছিলেন।
আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মারাত্মক আহত মো. গোলাম হাক্কানিকে (৪৩) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। তিনি মাথায় গুরতর আঘাত প্রাপ্ত হয়েছেন।
এ ব্যাপারে গোলাম হাক্কানির ভাই ফয়েজ আহমেদ সরকার বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি অভিযোগ দাখিল করেন।
আহত গোলাম হাক্কানীর ভাই ফয়েজ আহমেদ সরকার জানান, আমাদের ট্রাক প্রতীকের প্রচারে নিয়োজিত অটোরিকশার ও মাইক প্রচার শেষে দোকানে জমা দিতে আসলে এনসিপির স্থানীয় সমর্থক প্রবাসী কামাল হোসেনের নেতৃত্বে ২৫/৩০ জন লোক কোনো কারণ ছাড়াই অটোরিকশার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার ভাই হাক্কানী, অটোরিকশার চালক সুমন ও সিএনজিতে থাকা প্রতিবন্ধী সুজনকে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে ওয়াহেদপুর গ্রামের এনসিপি সমর্থক আলী হোসেন (৩০) জানান, ৮টার পর মাইকিং করা নিষেধ এবং ঘুমের ক্ষতি হয় বলায় কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ট্রাক প্রতীকের সমর্থকরা মাইকিং প্রচারণা শেষে ফেরার পথে এনসিপির সমর্থকদের হামলায় ২/৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরতর আহত আছেন। ওই ব্যাপারে আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এ আসন থেকে জামায়েত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করছেন। অপরদিকে, এ আসনের বিএনপির দলীয় প্রার্থী সাবেক টানা চার বারের নির্বাচিত সাংসদ ও বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিলের পর বিএনপি দলীয় জোটের ‘গণঅধিকার পরিষদের’ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সমর্থন দিয়ে মাঠে নামেন।
প্রতিনিধি/টিবি