০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ এএম
চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি করে চট্রগ্রাম মিরসরাই আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, ‘চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাই মিরসরাই জনপদে হবে না৷’
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় আবুতোরাব স্কুল মাঠে মঘাদিয়া ও মায়ানী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, ‘যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে চালিয়ে দলে ভীড় করছেন আপনাদের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, দলের বদনাম হচ্ছে।’
চাঁদাবাজদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আওয়ামী মনোভাব পরিহার করেন৷ আমি নির্বাচিত হলে আপনাদের অস্তিত্ব থাকবে না। দ্রুত শুধরে যান।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘১৭ বছর পর মানুষ ভোটের মুখ দেখছে৷ একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা বিভ্রান্ত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নেবেন।’
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীরের সভাপতিত্বে এবং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলা উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল।
এছাড়াও নজরুল গবেষক ও শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, চাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক মহি উদ্দিন বাদলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নেতৃত্বে আবুতোরাব বাজারে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি/এএম