জেলা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম
বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি ভোটারদের উদ্দেশে বলেছেন, ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল না নিয়ে কেউ যেন কেন্দ্র ত্যাগ না করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বামনা সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, আমি যদি যোগ্য হই, তাহলে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি ধানের শীষের প্রার্থী। আপনারা আমাকে চেনেন, আমার কাজ জানেন। তাই ধানের শীষে ভোট দেবেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী ডা. সুলতান সাহেবকে আপনারা কয়জন চেনেন? তিনি অতীতে এই এলাকায় কী উন্নয়ন করেছেন, তা বলতে পারবেন কি? এই কলেজ মাঠ আমি করেছি, এখানে শতবার এসেছি। অথচ তিনি কয়বার এসেছেন, আপনারাই বলুন।
নুরুল ইসলাম মনি আরও বলেন, কিছু দল জান্নাত, ন্যায় ও ইনসাফের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট চাইছে। এটা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা। ১৯৭১ সালে এ দেশের মানুষ ও হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা এসব দেখেছে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনাদের জীবন, জানমাল ও ধর্মের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিএনপি ক্ষমতায় এলে এবং আমি এমপি হলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৫১ দফা ইশতেহার ঘোষণা করেছেন। নিজের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো কাজের বিনিময়ে আমি যদি কারও কাছ থেকে ঘুষ নিয়ে থাকি, তাহলে আমাকে ভোট দেবেন না। আর যদি ভালো কাজ করে থাকি, তাহলে আমাকে জয়যুক্ত করবেন।

আগামী নির্বাচনের দিন সকাল ছয়টায় ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট দিয়ে ফলাফল না জেনে কেউ বাড়ি ফিরবেন না।
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে আমার আমলে কোনো চাঁদাবাজের ঠাঁই হয়নি। ভবিষ্যতেও থাকবে না। এ বিষয়ে আমার জিরো টলারেন্স।
উপজেলা বিএনপির নির্বাচন কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট শিল্পপতি মো. রুহুল আমিন শরীফের সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা।
এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
প্রতিনিধি/এসএস