images

সারাদেশ

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: তারেক রহমান

জেলা প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করাই হবে সরকারের অন্যতম প্রধান কাজ এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীর বড়মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। বিএনপি সরকার গঠন করলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।’

জেলার স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তিনি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া এই অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে উত্তরা ইপিজেড সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বক্তব্যে তিনি বলেন, ‘শুধু কৃষির ওপর নির্ভর করলে চলবে না, শিল্পেরও বিকাশ ঘটাতে হবে।’

তারেক রহমান ঘোষণা করেন, বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। একই সঙ্গে কৃষকদের জন্য স্বল্পমূল্যে সার ও কৃষি উপকরণ সহজলভ্য করতে ‘কৃষিকার্ড’ চালুর অঙ্গীকার করেন তিনি।

আরও পড়ুন—

জনসভায় প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুললেও, তাদের বিরুদ্ধে কোনো কটু মন্তব্য করতে চান না বলে জানান তিনি। তার মতে, কাদা ছোড়াছুড়িতে দেশের মানুষের কোনো উপকার হবে না।

দেশ পুনর্গঠনে জনগণের সহযোগিতা কামনা করে তারেক রহমান বলেন, ‘আগামীর রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি।’ দেশের উন্নয়নের পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেও তিনি সবার সহযোগিতা চান।

নির্বাচন কেন্দ্রিক যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির চেয়ারম্যান বলেন, যারা ষড়যন্ত্র করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

প্রতিনিধি/একেবি