জেলা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম
সারাদেশে অব্যাহত নারী হেনস্তা, নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নারী অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের প্রার্থী মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-২ আসনের মহিলা বিভাগের নির্বাচন পরিচালক ডা. মনোয়ারা আজাদ, সহকারী নির্বাচন পরিচালক লায়লা আরজুমান এবং জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মনিরা সাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘দেশে নারীদের নিরাপত্তা আজ চরমভাবে বিপন্ন। প্রতিনিয়ত নারী ও কিশোরীরা নানা ধরনের সহিংসতা, নির্যাতন ও সামাজিক হেনস্তার শিকার হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এসব ঘটনায় অনেক সময় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না, যার ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।’
তারা আরও বলেন, নারীদের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অথচ বর্তমান বাস্তবতায় নারীরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। এই অবস্থা চলতে থাকলে সমাজের নৈতিক ভিত্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা অবিলম্বে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক শিক্ষা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি/একেবি